• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:২০ পিএম
যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশটির ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একইসঙ্গে তিনি তিনি জোর দিয়ে বলেছেন, এ ধরনের হামলাকে ওই ঘাঁটিগুলো যেসব দেশে রয়েছে, সেই দেশগুলোর বিরুদ্ধে হামলা হিসেবে দেখা উচিত হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পারমাণবিক ইস্যুতে তেহরান-ওয়াশিংটনের ইতিবাচক আলোচনার একদিন পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী দফার আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আগামী সপ্তাহের প্রথম দিকে আবার দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।
 
অরাঘচি বলেন, তেহরান ও ওয়াশিংটন মনে করে খুব শিগগিরই আরও বৈঠক হওয়া উচিত। 
 
মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জোরদারের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ—যা পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ—ত্যাগ করতে হবে, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে।
যদিও তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, পারমাণবিক জ্বালানি উৎপাদনকে অস্ত্র হিসেবে ব্যবহারের কোনো উদ্দেশ্য নেই।
আরাঘচি বলেন, যেকোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ থেকে বিরত থাকা প্রয়োজন। (তেহরান) শুধুমাত্র পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না।
 গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় আকস্মিক হামলা চালায় ইসরাইল। জবাবে ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরান। একপর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের সাথে হামলায় যোগ দেয় ওয়াশিংটন। তেহরান তখন থেকেই বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
 
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে নতুন করে হামলা হলে একই জবাব দেয়া হবে।
তিনি বলেন, আমেরিকার মাটিতে আক্রমণ করার সম্ভাবনা নেই। তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। আমরা প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করব না,  আমরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। এই দুইয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে।
 ইরান বলছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে রাখলে তারা ইসরাইলি হামলার ঝুঁকিতে পড়বে।
 
পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‌‘স্বস্তিজনক’ চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাঘচি। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত রয়েছেন।
 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকতে হবে। বোমাবর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।


Side banner
Link copied!