• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

উপনির্বাচনের কারণে বগুড়া সফর স্থগিত প্রধানমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:৪৩ এএম
উপনির্বাচনের কারণে বগুড়া সফর স্থগিত প্রধানমন্ত্রীর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়া যাওয়ার কথা থাকলেও আপাতত সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোমবার (২ মার্চ) রাতে জানান, উপনির্বাচনের কারণে ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি। পরে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছিল। উপকারভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহও শুরু হয়।

কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডেও কমিটি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।

প্রতি পরিবারের একজন নারী সদস্য নিবন্ধিত হবেন এবং যোগ্য বিবেচিত সব পরিবারকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলকভাবে চার মাস প্রকল্পটি পরিচালিত হবে। সফল হলে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সরকার। উল্লেখ্য, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি।


Side banner
Link copied!