• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ঘর হারানো বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী, মিলছে বাসস্থান ও চিকিৎসা সহায়তা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:০১ পিএম
ঘর হারানো বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী, মিলছে বাসস্থান ও চিকিৎসা সহায়তা

রাজধানীতে ফুটপাত দখলমুক্ত অভিযানে উচ্ছেদের ফলে আশ্রয়হীন হয়ে পড়া এক বৃদ্ধের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক এই উদ্যোগে তার বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মগবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ৮০ বছর বয়সী নাঈমুদ্দিন নামে ওই বৃদ্ধ তার শেষ আশ্রয়টুকু হারান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।

এরপর প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-কে বৃদ্ধ নাঈমুদ্দিনের সার্বিক দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।

সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী নিজে নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।

তিনি আরও জানান, বৃদ্ধের চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের দায়িত্ব ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজধানীর মগবাজার এলাকাতেই তার জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, একটি মানবিক সংবাদ থেকে শুরু হওয়া এই উদ্যোগ সমাজে সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।


Side banner
Link copied!