মাদক সেবন বা মাদক কারবারের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আলী হোসেন ফকির বলেন, অতীতে নানা কারণে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছিল। তবে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে বাহিনী এখন ইতিবাচক অবস্থানে ফিরছে।
তিনি স্পষ্টভাবে বলেন, কোনো পুলিশ সদস্য যদি মাদক সেবন কিংবা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আইজিপি আরও বলেন, পুলিশ পদক প্রদান নিয়ে যে আলোচনা রয়েছে, তা যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যেই আছে। সব ধরনের যাচাই সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়েই পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :