রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের সংস্কৃতি থেকে বেরিয়ে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট-এ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবে। অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম ও হত্যার সংস্কৃতি থেকে দেশকে বের করে এনে মতপ্রকাশ ও ভিন্নমতের প্রতি সম্মানজনক পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন শুধু দলীয় ইশতেহার নয়, বরং দেশের মানুষের প্রত্যাশায় পরিণত হয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সক্রিয় রাখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। এতে দলের কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি থেকে সরে এসে উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।
আপনার মতামত লিখুন :