ভারতের সঙ্গে ফারাক্কা ইস্যুতে নতুন চুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ও প্রবাহ স্বাভাবিক রাখতে সরকার কূটনৈতিক ও কারিগরি পর্যায়ে কাজ করছে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের মাধ্যমে সরকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধারের বিকল্প নেই। নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখা না গেলে ভবিষ্যতে দেশের পরিবেশ ও কৃষি বড় ঝুঁকির মুখে পড়তে পারে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং তিনটি নদী মিয়ানমার-এর সঙ্গে সংযুক্ত। পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের বহু জেলার নদীপথ ও পানি প্রবাহ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :