নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ফোমের বালিশ তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার যন্ত্রপাতি, প্রস্তুত বালিশ ও মজুত ফোম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকায় অবস্থিত এসবি হোম টেক্স কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ কারখানার টিনের ছাউনি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
কারখানার মালিক জানান, তার প্রতিষ্ঠানে ২২ জন শ্রমিক কাজ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনে কারখানার বেশিরভাগ যন্ত্রপাতি ও মজুতকৃত পণ্য পুড়ে গেছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :