চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার পরপরই অভ্যন্তরীণ বিরোধে নতুন সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি। সদ্য ঘোষিত মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী।
শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি জানানো হয়। পরে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় অসন্তোষ ও পদত্যাগের ঘটনা।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তাদের দাবি, আদর্শভিত্তিক রাজনীতির প্রত্যাশায় দলে যুক্ত হলেও সাম্প্রতিক কমিটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সাংগঠনিক ও দপ্তর বিভাগের একাধিক নেতা। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনাস্থাপত্র ও পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানান।
তবে অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির নেতারা বলছেন, বড় কমিটিতে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির সমাধান হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তারা।
আপনার মতামত লিখুন :