বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বঘোষিত কর্মসূচির বাইরে রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে স্পারসো কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান প্রকল্প, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপগ্রহ প্রযুক্তি, মহাকাশ গবেষণা, দূর অনুধাবন প্রযুক্তি এবং বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী স্পারসোকে দেশের মহাকাশ গবেষণা, জাতীয় নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, স্পারসো বাংলাদেশের একমাত্র জাতীয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, যা উপগ্রহ প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান এবং রিমোট সেন্সিংভিত্তিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে আসছে।
আপনার মতামত লিখুন :