জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ ডাটাকার্ডের প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন করেন।
এবারের প্রকাশিত স্মারক ডাক টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতি বছর ৬ জুলাই পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসকে ঘিরে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ উন্নয়ন, কৃষিভিত্তিক অর্থনীতি এবং পল্লী উন্নয়নে অবদানের গুরুত্ব তুলে ধরা এবং দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :