সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান না করা হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। একই সঙ্গে বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেছে জোটটির নেতারা।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বক্তব্য দেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দলীয় জোট।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের অনীহা স্পষ্ট হয়ে উঠেছে। তার মতে, জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে সংসদের পরিবেশ প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জোটের এই নেতা বলেন, জনগণ আশা করেছিল দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি এবং জনগণের ভোটাধিকার যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলেও তিনি দাবি করেন।
আপনার মতামত লিখুন :