• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অঘটনের দায়ে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় তোলা উচিত নয়: শফিকুর রহমান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০১:০৮ পিএম
অঘটনের দায়ে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় তোলা উচিত নয়: শফিকুর রহমান

দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কোথাও কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। কোনো একটি ঘটনার সঙ্গে পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এক করে দেখা উচিত নয়।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি ইসলাম। তাই এ ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের আচরণ ও কার্যক্রমে স্বচ্ছতা থাকা জরুরি। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার মানদণ্ড নির্ধারণে ইসলামের প্রাথমিক শিক্ষাকেন্দ্রগুলোর আদর্শ অনুসরণ করার ওপর গুরুত্ব দেন তিনি।

আলেম সমাজের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সমাজে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে তার প্রভাব পুরো আলেম সমাজের ওপর পড়তে পারে। তাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, সাদা পোশাকে সামান্য দাগও সহজে চোখে পড়ে। এ কারণে আলেম সমাজকে নিজেদের অবস্থান, আচরণ ও কর্মকাণ্ডের বিষয়ে আরও সচেতন থাকতে হবে।


Side banner
Link copied!