• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান: বাংলাদেশিসহ ২১ বিদেশি আটক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:২৬ পিএম
মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান: বাংলাদেশিসহ ২১ বিদেশি আটক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে একটি শপিং কমপ্লেক্স ঘিরে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ২১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ছুটির দিনে এলাকাটি বিদেশি শ্রমিকদের জমায়েতস্থলে পরিণত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা মোট ১২৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করেন। এর মধ্যে ১০৬ জন বৈধ অনুমতিপত্র দেখাতে সক্ষম হলেও বাকি ২১ জন প্রয়োজনীয় নথি প্রদর্শনে ব্যর্থ হন। ফলে তাদের ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

অভিযান শুরুর সঙ্গে সঙ্গে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কাউকেই পালাতে দেননি।

স্থানীয়দের অভিযোগ ছিল, ওই এলাকায় অতিরিক্ত বিদেশি নাগরিকের ভিড়ের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহভাজন কোনো তথ্য পেলে তা জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হয়েছে।


Side banner
Link copied!