ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইতালিতে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী সপ্তাহান্তে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে গরমজনিত কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে লোদি এলাকায় মাঠে কাজ করার সময় ৫৭ বছর বয়সী এক শ্রমিক প্রাণ হারান। সর্বশেষ মৃতদের মধ্যে রয়েছেন পিয়াচেঞ্জা প্রদেশের একটি আঙুরখেতে কর্মরত ৬১ বছর বয়সী কৃষক, গারলাসকোর ৫৬ বছর বয়সী এক ব্যক্তি, নেপলসের এক গৃহহীন ব্যক্তি এবং পাদোভা শহরের এক শ্রমিক।
অতিরিক্ত গরমের কারণে ফ্লোরেন্সের ঐতিহাসিক উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। ফলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে এবং সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি বৈঠক আহ্বান করেছেন। তিনি জানান, প্রবীণ, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে।
তাপপ্রবাহের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। বিশেষ করে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামো এলাকায় বহু পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সমস্যার মুখে পড়েছে। কোথাও কোথাও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে প্রবাহিত উষ্ণ বায়ুর কারণে ইতালিতে এই অস্বাভাবিক গরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতেও গরমের তীব্রতা কমবে না। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতির আরও অবনতি হলে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :