ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য ঢাকাজুড়ে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলো অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে মতিঝিল ও দিলকুশার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে নীরবতা নেমে এসেছে।
পুলিশ জানায়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রাজধানীর বিভিন্ন এলাকাকে ছোট ছোট বিটে ভাগ করে নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, চিহ্নিত অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান ও ব্লক অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব ব্যক্তি আগে অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ছাড়া রাতে নিরাপত্তা আরও জোরদার করতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। ৩০০ ফিট সড়কসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :