বরিশালের উজিরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে আ. জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। প্রাথমিক হিসেবে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :