আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দলীয় রাজনীতি ও আন্দোলনে সক্রিয় এই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন তিনি। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হন। পরবর্তী সময়ে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি (২০২২–২০২৫), মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (২০২১–২০২৫), জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি ও ভিপি এবং খুলনা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
২০১২ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাবরণ করেন। ২০১৮ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যা দীর্ঘদিন বিচারাধীন ছিল। আন্দোলনে সক্রিয় থাকার কারণে একাধিকবার হামলার মুখেও পড়েছেন বলে জানান তিনি।
শিক্ষাজীবনে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএড ও বিএড ডিগ্রি অর্জন করেন এবং সরকারি বিএল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে করোনেশন মাধ্যমিক বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি। খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্যসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন।
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন আজিজা খানম এলিজা। দলীয় অঙ্গনে তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার কারণে তার প্রার্থিতা গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :