• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:২১ পিএম
বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে নেওয়ার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে।

তিনি আরও জানান, মরদেহ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।


Side banner
Link copied!