কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবে।
রোববার (১৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (করনীতি) মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার ক্ষেত্রে এই সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ কোম্পানি করদাতাদের জন্য ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন জমার সময়সীমা এক মাস বৃদ্ধি করা হয়েছে।
এর আগে কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ১৫ মার্চ। তবে ব্যবসায়িক পরিস্থিতি ও করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে সাধারণত জরিমানা ও অতিরিক্ত কর আরোপের বিধান রয়েছে। তবে নতুন সময়সীমা অনুযায়ী কোম্পানিগুলো এখন অতিরিক্ত জরিমানা ছাড়াই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবে।
আপনার মতামত লিখুন :