• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৩:৪২ পিএম
সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহাসিক সুরেশ্বর দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। জেলার চার উপজেলার প্রায় ৩০টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) ঈদের নামাজ আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ হাজার ভক্ত ও মুরিদ এই উৎসবে অংশ নেন। তারা প্রতিবছরই একদিন আগে রোজা রাখা এবং ঈদ উদযাপনের এই প্রথা অনুসরণ করে আসছেন।

প্রায় দেড় শতাব্দীর বেশি সময় ধরে সুরেশ্বর পীরের অনুসারীরা একই নিয়মে ধর্মীয় আচার পালন করছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষারসহ বিভিন্ন এলাকা এবং জাজিরা, সদর ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে এই ঈদ উদযাপন করা হয়।

সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফে নারী-পুরুষ একসঙ্গে ঈদের জামাতে অংশ নেন। জামাতে ইমামতি করেন গদিনিশিন পীর শাহ সৈয়দ বেলাল নুরী এবং মোনাজাত পরিচালনা করেন শাহ সৈয়দ কামাল নুরী।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


Side banner
Link copied!