শরীয়তপুরের নড়িয়ায় সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীরা।
রোববার (২২ মার্চ) রাতে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাড়ৈপাড়া এলাকায় একটি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রবাসী নেতাকর্মীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী রাজনৈতিক সংগঠনের কয়েকজন প্রতিনিধি।
এর আগে একই দিন সকালে নড়িয়া উপজেলা কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্তব্য করেন, প্রবাসীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অতীতে নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে তারা আর্থিক ও সাংগঠনিকভাবে বড় ভূমিকা রেখেছেন। অথচ এখন তাদের অংশগ্রহণ সীমিত করার বক্তব্য দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না।
তারা দ্রুত ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং অন্যথায় উচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, প্রবাসে থাকলেও তারা দেশের রাজনীতি ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দেন তারা।
আপনার মতামত লিখুন :