পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাসের সিয়াম সাধনার পর এই দিনটি মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ, সেবা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করাই ঈদের মূল তাৎপর্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ সকল ভেদাভেদ ভুলে ধনী-গরিব, ছোট-বড় সবাইকে একত্রিত করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
তিনি সবাইকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করবে।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :