সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বহু মুসল্লি। সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা উৎসবের সূচনা করেন।
ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করছেন তারা।
দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিনের প্রথা অনুযায়ী মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হয়ে থাকে।
ভোলার ১০টি গ্রামে প্রায় ১৫ হাজার মানুষ, লক্ষ্মীপুরের ১১টি গ্রামে সহস্রাধিক মুসল্লি, কুড়িগ্রাম, মৌলভীবাজার, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, ফরিদপুর, বরগুনা, কিশোরগঞ্জ ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় এই আগাম ঈদ উদযাপন করা হয়েছে।
এসব এলাকার মানুষ জানান, তারা বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিভিন্ন দরবার শরীফ ও আলেমদের অনুসরণে এই প্রথা চালু রয়েছে।
প্রতিটি স্থানে ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয়দের মতে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী ঈদ পালন করা বৈধ—এই বিশ্বাস থেকেই তারা এভাবে ঈদ উদযাপন করে আসছেন।
আপনার মতামত লিখুন :