ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে দেশটি।
বুধবার (১৮ মার্চ) ইরানি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানান।
তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। অতীতে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় নির্দেশনা দিয়েছিলেন, যা এখনো গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে নতুন সর্বোচ্চ নেতা এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মতামত দেননি বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আরাঘচি বলেন, ধর্মীয় নির্দেশনা নির্ভর করে সংশ্লিষ্ট ইসলামী আইনবিদের অবস্থানের ওপর।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংঘাত শেষে হরমুজ প্রণালীতে নতুন নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। উপসাগরীয় দেশগুলোর সমন্বয়ে এমন একটি কাঠামো তৈরি করা উচিত, যাতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হয় এবং আঞ্চলিক স্বার্থ রক্ষা পায়।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। তাই এখানে স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :