• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দিঘলিয়ায় অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী চক্রের ৭ সদস্য আটক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৪৭ পিএম
দিঘলিয়ায় অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী চক্রের ৭ সদস্য আটক

খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ককটেলসহ কুখ্যাত খবির মোল্লা বাহিনীর সাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার গাজীরহাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন রূপসার বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে দুপুরে কোস্ট গার্ড রূপসা স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৫টার দিকে গাজীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ানশুটার বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় খবির মোল্লা বাহিনীর সাত সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন— সিরাজ মোল্লা, মিজানুর ফকির, তুহিন মোল্লা, ইমরান মোল্লা, আশিক মোল্লা, নাছিম শেখ ও জনি মোল্লা।

কোস্ট গার্ড পশ্চিমাঞ্চলের জাহাজ অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, আটককৃতরা সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এছাড়া উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


Side banner
Link copied!