• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঈদের আগে রেমিট্যান্সে বড় প্রবাহ, মার্চের দুই সপ্তাহে এলো ২২০ কোটি ডলার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৯ পিএম
ঈদের আগে রেমিট্যান্সে বড় প্রবাহ, মার্চের দুই সপ্তাহে এলো ২২০ কোটি ডলার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, মার্চের প্রথম দুই সপ্তাহে দেশে মোট ২ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৫ কোটি ৭৫ লাখ ডলার প্রবাসী আয় দেশে প্রবেশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬২ কোটি ৫০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ দশমিক ৬০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা পরিবার-স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে এ প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার। জানুয়ারি মাসে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

এর আগে ডিসেম্বর মাসে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


Side banner
Link copied!