শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সংঘর্ষকে কেন্দ্র করে অন্তত ৪০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা, কুরবির চর, কালাই ভূইয়ার কান্দি ও দরবেশ খার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পূর্বের নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে এক পর্যায়ে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালায়। হামলার সময় বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং আতঙ্ক ছড়াতে বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় কয়েকটি বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও গবাদিপশু লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পূর্বের রাজনৈতিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :