• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা, চিকিৎসকসহ আহত ১০


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:৩১ পিএম
শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা, চিকিৎসকসহ আহত ১০

শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতালের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। হামলায় কর্তব্যরত এক চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতাল-এ এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বিলাশ খান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী নামের এক হৃদরোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে স্বজনরা লিখিত অঙ্গীকারনামা দিয়ে তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা চালিয়ে যান। কিছু সময় পর ওই রোগীর মৃত্যু হয়।

রোগীর মৃত্যুর পর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মীদের কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামকে মারধর করে গুরুতর আহত করে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরাও হামলার শিকার হন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামের একজনকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!