সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ-এর শিক্ষার্থীকে গুলি ও অবৈধ অস্ত্র রাখার মামলায় কলেজের বরখাস্তকৃত শিক্ষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজের হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী সাজাগুলো পর্যায়ক্রমে কার্যকর হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনে ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন অভিযুক্ত শিক্ষক।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
পরে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
মামলায় সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং শুনানি শেষে আদালত এ দৃষ্টান্তমূলক রায় দেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :