গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রশান্ত চন্দ্র জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :