ইনভাইট পীস স্কুল অ্যান্ড কলেজের খুলনা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ‘ক্লাস পার্টি ২০২৬’ উদযাপন করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, কেবল ভালো ফলাফলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে সৎ, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও পরিশ্রমের মাধ্যমে আজ থেকেই বড় স্বপ্নের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি এমন উৎসব ও আনন্দময় আয়োজন শিশুদের সৃজনশীলতা, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধুত্ব বাড়াতে সহায়ক বলে উল্লেখ করে শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
প্রতিষ্ঠানের খুলনা ক্যাম্পাসের অধ্যক্ষ এ কে এম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল গফুর এবং সহকারী শিক্ষক আঞ্জুমান আরা মিতা, এম এ নায়েব, সাইফুল্লাহ মনসুর, জান্নাতুন নাঈম ও সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের অবদানের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য এবং শিক্ষকদের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :