সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা রিমান্ড আবেদন করবো।” তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
পুলিশ জানায়, সংসদ সদস্যকে গ্রেপ্তারের পর বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার প্রক্রিয়াও চলছে।
এর আগে রোববার রাতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করছে শেরেবাংলা নগর থানা পুলিশ। প্রাথমিক পর্যায়ে পুলিশ মৃত্যুটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলায় এমপি জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আপনার মতামত লিখুন :