দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সাতটি জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত বাহিনীর মধ্যে সর্বোচ্চ ২৯ প্লাটুন দায়িত্ব পালন করছে গোপালগঞ্জ জেলায়। এছাড়া ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে আরও ৪ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে সংশ্লিষ্ট জেলাগুলোর স্পর্শকাতর স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :