• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৫৪ পিএম
বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে শিক্ষা বোর্ডগুলো কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর নজরদারিসহ একাধিক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে ন্যূনতম দুইজন পরিদর্শক থাকতে হবে। আসন বিন্যাসেও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সবাইকে নিজ নিজ কক্ষে অবস্থান নিশ্চিত করতে হবে। বিশেষ পরিস্থিতিতে দেরিতে আসা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করে কেন্দ্র কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করা হবে। পরীক্ষার দিন পুলিশের নিরাপত্তায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছাবে এবং নির্ধারিত সেট কোড পাওয়ার পরই খোলা হবে। নির্ধারিত পদ্ধতি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার কারিগরি তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং সার্বক্ষণিক অনলাইন পর্যবেক্ষণের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম মনিটরিং করা হবে। কোনো কেন্দ্রে সিসিটিভি অকার্যকর পাওয়া গেলে বা নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া প্রশ্ন ও উত্তরপত্র পরিবহনে পুলিশের নিরাপত্তা, কেন্দ্রে অপ্রয়োজনীয় ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ, টয়লেট তল্লাশি এবং বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ডে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।


Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!