অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তার সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ঘটনাটি টালিউডে নাড়িয়ে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলমান বিতর্ক।
জানা গেছে, সমুদ্রতীরবর্তী তালসারিতে একটি শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন রাহুল। শুটিং চলাকালীন হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর থেকেই শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গনে। একটি শুটিং সেটে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল—তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার শিল্পীদের সংগঠনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টালিউডের একাধিক তারকা। এর পরদিনই (১ এপ্রিল) প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করেন প্রিয়াঙ্কা সরকার।
জানা গেছে, শুধু মামলা নয়, আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতিও চলছে। প্রয়োজনে শিল্পীদের পক্ষ থেকে কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এদিকে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় পানির নিচে থাকার আলামত মিলেছে। তবে উদ্ধার কার্যক্রম ও ঘটনার প্রকৃত কারণ নিয়ে ভিন্নমত থাকায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :