সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি ভক্তদের অহেতুক বিতর্ক এড়িয়ে মার্জিত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পুরনো ছবি শেয়ার করে দীর্ঘ ক্যাপশনে এ বার্তা দেন এই অভিনেত্রী। সাদা পোশাকে প্রকাশিত ছবির সঙ্গে দেওয়া লেখায় তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করেন এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপু বিশ্বাস জানান, দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জীবনে তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন। ভক্তদের তিনি নিজের পরিবারের অংশ হিসেবেই দেখেন এবং তাদের সমর্থনই তার পথচলার সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।
তিনি বলেন, তার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং শিক্ষা, রুচি ও আচরণে অনন্য। তাই তাদের প্রতি বিশেষ অনুরোধ—কোনো ধরনের তর্ক-বিতর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়াতে।
অভিনেত্রীর ভাষ্য, যারা নিজের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করে সস্তা জনপ্রিয়তা পেতে চায়। “যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আভিজাত্যের নাগাল পাবে না”—এ মন্তব্যও করেন তিনি।
নিজের পরিবার প্রসঙ্গে অপু বলেন, তার পরিচয় তার কাজ, শিক্ষা ও পারিবারিক মূল্যবোধে নিহিত। তাই পরিবারকে ঘিরে নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই।
পোস্টে তিনি তার সন্তান আব্রাহাম খান জয়কেও ভালোবাসা ও স্নেহে আগলে রাখার আহ্বান জানান ভক্তদের প্রতি।
সবশেষে তিনি বলেন, তারা কোনো বিতর্কে নয়, বরং ভালোবাসা ও কাজের মধ্য দিয়েই এগিয়ে যেতে চান। ভক্তদের শান্ত, ইতিবাচক ও হাসিখুশি থাকার পরামর্শ দেন এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :