• ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রতিটি উপজেলা হাসপাতালে প্যাথলজি ল্যাব স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১২:৫৪ পিএম
প্রতিটি উপজেলা হাসপাতালে প্যাথলজি ল্যাব স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে ধাপে ধাপে প্যাথলজি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন, ক্যানসার স্ক্রিনিং সম্প্রসারণ এবং উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের সব উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ নিজ এলাকায় প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা সহজে পেতে পারেন এবং চিকিৎসা গ্রহণে ভোগান্তি কমে।

মাতৃস্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালকেন্দ্রিক সেবায় দালালচক্রের প্রভাব কমানো এবং নিরাপদ স্বাভাবিক প্রসব বাড়াতে সরকার দ্রুত নতুন মিডওয়াইফ ও কেয়ারটেকার নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে মা ও নবজাতকের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং জন্মের পরপরই শিশুর জন্য প্রয়োজনীয় শালদুধ নিশ্চিত করার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নারীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে মাঠপর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণ কর্মসূচি চালুর প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে উপজেলা পর্যায় পর্যন্ত ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়, মাতৃস্বাস্থ্য, নবজাতক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা সুবিধা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের প্রবেশাধিকার আরও সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।


Side banner

স্বাস্থ্য বিভাগের আরো খবর

Link copied!