• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৮০০


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:৫৮ পিএম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৮০০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭ জন শিশু হাম অথবা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। সর্বশেষ এ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা ৮০৩ জনে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৩৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ৯০৪ জন। এ সময়ে ৮৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৮৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত সময়ে টিকাদান সম্পন্ন করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।


Side banner

স্বাস্থ্য বিভাগের আরো খবর

Link copied!