দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৪ জনে। সরাসরি হাম শনাক্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও উপসর্গজনিত প্রাণহানি ৯৮৩ জনে পৌঁছেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। অপর শিশুটি ময়মনসিংহ বিভাগের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩৪ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৬৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে হিসাব অনুযায়ী, দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় ১৯ হাজার ৪৪৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ছয় মাসের এই সময়ে হাম বা উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমাতে ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :