ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) পরিচালিত এই সামরিক অভিযানে লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ ছাড়াও রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশের একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। সৌদি জোট এই অভিযানকে একটি ‘বিশেষ অভিযান’ হিসেবে অভিহিত করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুদাইদাহ বন্দর ব্যবহার করে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালানের অবকাঠামোগুলো ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। এছাড়া রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং একটি সরবরাহ ডিপো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে জোট বাহিনী।
অন্যদিকে, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছেন আল-মালকি। ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আল-শুকাইক এলাকায় আছড়ে পড়েছে। হামলার পরপরই হুতি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের দৃশ্য সম্প্রচার করেছে।
এর আগে হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছিল যে, হুদাইদাহ বন্দরে কোনো ধরনের আঘাত এলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি সৌদি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এছাড়া সৌদি রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক অঞ্চল এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী।
আপনার মতামত লিখুন :