সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় স্বামী মো. রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের নাজির সুমন হাওলাদার।
মামলার নথি সূত্রে জানা যায়, আশুলিয়ার জিরাবো এলাকায় স্ত্রী সিমা আক্তার ও আট বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন রেজাউল করিম। সিমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে রেজাউল কোনো কাজ করতেন না বলে জানা যায়।
পারিবারিক কলহের জেরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি। ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে কাজকর্ম নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে রেজাউল স্ত্রী সিমার মাথায় আঘাত করেন এবং পরে গলা কেটে হত্যা করেন।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে বাড়ির মালিক আফাজ উদ্দিন ও স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় নিহত সিমা আক্তারের বাবা জাহিদুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দেন রেজাউল। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।
২০১৭ সালের ১১ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রেজাউলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায়ে আরও উল্লেখ করা হয়েছে, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর করা হবে। পাশাপাশি আসামি চাইলে আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন।
আপনার মতামত লিখুন :