সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ২৬ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি বেঞ্চ সহকারী গোলাম নবী জানিয়েছেন।
শুনানির দিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও আসামিপক্ষের সময় চাওয়ার আবেদনের পর তা পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার আওতাধীন একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া নির্দিষ্ট সময়ের সব আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও আনিসুল হক তার লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেননি এবং এ বিষয়ে থানাকেও অবহিত করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওই অস্ত্রের জন্য গুলি কেনার তথ্য না পাওয়ার কথাও বলা হয়েছে। এসব কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল বাদী হয়ে ২০২৫ সালের ২৪ মে মামলাটি করেন। পরে তদন্ত শেষে আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আপনার মতামত লিখুন :