• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রাষ্ট্র পরিচালনায় সংবিধান ও আইনের অনুসরণ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:২১ পিএম
রাষ্ট্র পরিচালনায় সংবিধান ও আইনের অনুসরণ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র পরিচালনায় আবেগ নয়, সংবিধান ও আইনের বিধান মেনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার নিয়ে যে আরোপিত নির্দেশনার কথা বলা হচ্ছে, তা নিয়ে আইনি প্রশ্ন রয়েছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাষ্ট্র আবেগ দিয়ে পরিচালিত হয় না; এটি পরিচালিত হয় সংবিধান ও আইনের মাধ্যমে। জনগণের রায়কে অবশ্যই সম্মান জানাতে হবে, তবে তা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে ভাষণ দিয়েছেন। বিরোধী দলের সদস্যরা সেই ভাষণ শুনতে না চাইলেও ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় বরাদ্দের প্রস্তাব দিয়েছেন, যা ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা যেতে পারে।

তিনি জানান, বর্তমান অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকায় এখনই সংবিধান সংশোধনী বিল আনা কঠিন। তবে আগামী বাজেট অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে কমিটি গঠন ও বিল উত্থাপনের সুযোগ থাকতে পারে।

মন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার দলিল। তবে সংবিধান সংশোধনের মতো বিষয় অবশ্যই আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এজন্য কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।


Side banner
Link copied!