বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ। ‘আযান’ কবিতাসহ অসংখ্য কালজয়ী রচনার স্রষ্টা এই কবিকে স্মরণে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ।
সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর পুরাতন আজিমপুর কবরস্থানে কবির সমাধিতে জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে আলোচনা ও স্মরণসভায় তার জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে অবদান তুলে ধরা হবে।
১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কায়কোবাদ। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি গীতিকাব্য, কাহিনিকাব্য ও কাব্য-উপন্যাস রচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ১৯৫১ সালের ২১ জুলাই বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে পুরাতন আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
কায়কোবাদ ১৯০৪ সালে রচিত তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘মহাশ্মশান’-এর জন্য ‘মহাকবি’ উপাধিতে ভূষিত হন। এছাড়া ‘বিরহ বিলাপ’, ‘কুসুম কাননে’, ‘অশ্রুমালা’, ‘শিবমন্দির’, ‘অমিয় ধারা’, ‘মহরম শরীফ বা আত্ম বিসর্জন’ এবং **‘শ্মশান ভস্ম’**সহ একাধিক গ্রন্থ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত।
সংগঠনের সদস্য বিষ্ণুপদ সাহা বলেন, প্রবাসে থাকলেও প্রতি বছর কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার চেষ্টা করেন। অন্যদিকে সাংস্কৃতিক কর্মী এস এম আজাদ রহমান জানান, মহাকবির স্মৃতি সংরক্ষণে আগলা এলাকায় তার নামে একটি স্মারক ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাহিত্য গবেষকদের মতে, আধুনিক বাংলা কাব্যধারার বিকাশে কায়কোবাদের অবদান অনস্বীকার্য। তার রচনা আজও বাংলা ভাষা ও সাহিত্যের পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
আপনার মতামত লিখুন :