একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে। কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়ে প্রয়াত এই কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ জাতীয় প্রেসক্লাব ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নেওয়া হয়। সেখানে পৃথক দুটি জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি আল মুজাহিদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা আল মুজাহিদী বাংলা সাহিত্যের বহুমাত্রিক স্রষ্টা হিসেবে পরিচিত ছিলেন। তিনি একসময় দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কবিতা, উপন্যাস, ছোটগল্প, শিশু সাহিত্য ও অনুবাদ সাহিত্যে তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, সৌর জোনাকি, ভিতা নুওভা, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা, আল মুজাহিদীর প্রেমের কবিতা, আলবাট্রাস, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি এবং পালকি চলে দুলকি তালেসহ অসংখ্য গ্রন্থ।
উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, লাল বাতির হরিণ, রূপোলি রোদ্দুর ও আলোর পাখিটা। এছাড়া প্রপঞ্চের পাখি, বাতাবরণ এবং ভরা কটাল মরা কটালের চাঁদসহ একাধিক ছোটগল্পগ্রন্থও রচনা করেছেন তিনি।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি আল মুজাহিদী জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদকসহ দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেন।
আপনার মতামত লিখুন :