• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আলিফ হত্যা: আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০১:১২ পিএম
সাংবাদিক আলিফ হত্যা: আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা জেলা ও দুর্গাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার পরও এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে। যমুনা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের প্রাণ দিতে হলে তাঁরা তবুও সত্য তুলে ধরা থেকে পিছিয়ে যাবেন না। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকার আহ্বান জানান তিনি।

দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় সাংবাদিকরা।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরির তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ ফকির। তাঁর বয়স ছিল ৪০ বছর। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।


Side banner
Link copied!