• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা: ডিএমপি কমিশনার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:১৩ পিএম
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফাঁকা ঢাকায় অপরাধ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. সারওয়ার।

রোববার (১৫ মার্চ) ঈদযাত্রা ও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে অনেক মানুষ পরিবার-স্বজনদের সঙ্গে সময় কাটাতে গ্রামে যাচ্ছেন। এ সময় ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধ করতে পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে বহনের জন্য ডিএমপির এসকর্ট সেবা চালু করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাটসহ প্রধান পরিবহন টার্মিনালগুলোতে বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদের সময় রাজধানী তুলনামূলক ফাঁকা হয়ে যায়। এ সুযোগে চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে পুলিশের টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।

এ ছাড়া রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, নিয়মিত টহল, ফুট প্যাট্রোল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।


Side banner
Link copied!