সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সময় তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে নির্দেশনা বাস্তবায়ন করেনি। এতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয় এবং পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় দেখা দেয়।
তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছিল এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তবে সংশ্লিষ্টদের সমন্বয়ের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করেছে বলে স্বীকার করেন তিনি।
জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলোতে আগের মতো দীর্ঘ লাইন নেই।
এর আগে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক উত্তেজনার কারণে আমদানি নির্ভর বাজারে চাপ পড়ে। এতে দেশের বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তির সৃষ্টি হয়।
পরবর্তীতে সরকার সরবরাহ ব্যবস্থা জোরদার, মূল্য সমন্বয় এবং ফুয়েল পাস ব্যবস্থার আওতা বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :