বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। একযোগে ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যার মধ্যে ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি রয়েছেন।
রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তবে নিয়ম অনুযায়ী তারা সকল অবসর সুবিধা পাবেন।
অবসরে পাঠানো কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে ছিলেন এন্টি টেরোরিজম ইউনিট, সিআইডি, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন সংস্থার ডিআইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগেও গত ২২ এপ্রিল একইভাবে পুলিশের আরও ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ধারাবাহিক এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :