ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাঁর। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সূচনা করবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক কর্মসূচি শেষে তিনি বঙ্গভবনে ফিরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও রোববারের মধ্যে বঙ্গভবন ত্যাগ করবেন বলে জানা গেছে। তিনি রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন এবং এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হাফিজ উদ্দিন আহমদের প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তিনি বিভিন্ন আনুষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :